মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে এক হোটেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় সদর উপজেলার সাজিয়ারা এলাকায় এ অভিযান চালায়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেসার্স রাকিব হোটেল-এ তদারকিতে নানা অনিয়ম ধরা পড়ে।
অভিযান পরিচালনাকারী অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, পরিদর্শনে দেখা গেছে নোংরা পরিবেশে খাবার রান্না করা হচ্ছিল এবং মেঝেতে খোলা অবস্থায় খাদ্যদ্রব্য রাখা ছিল। কর্মচারীদের স্বাস্থ্যবিধি মানার কোনো ব্যবস্থা ছিল না, ব্যবহৃত টয়লেটে সাবান বা হ্যান্ডওয়াশ পাওয়া যায়নি। কর্মচারীরা টয়লেট ব্যবহারের পর হাত পরিষ্কার না করেই রান্নার কাজে যুক্ত হচ্ছিলেন।
তিনি বলেন, এছাড়া খাবারে নিষিদ্ধ অননুমোদিত রঙ ব্যবহার করা হচ্ছিল এবং ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রাজ্জাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ না করার জন্য সতর্ক করা হয়েছে।
সজল আহম্মেদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশ-এর একটি টিম।