মস্কোয় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ভøাদিমির আলেক্সেইয়েভের ওপর বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন এক রুশ নাগরিককে দুবাইতে গ্রেফতার করা হয়েছে।
এই হামলায় ভøাদিমির আলেক্সেইয়েভ আহত হন।
রোববার রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি এ তথ্য জানিয়েছে।
এফএসবি জানায়, ষাটের কোঠায় বয়সী ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যাওয়ার পর, দুবাইতে গ্রেফতার হন। পরে তাকে রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়।
তারা আরও জানায়, একই ঘটনায় হামলাকারীর সন্দেহভাজন এক সহযোগীকেও মস্কোতে গ্রেফতার করা হয়েছে।
এই হামলার ঘটনায় আরেকজন সন্দেহভাজন ইউক্রেনে পালিয়ে গেছে বলে জানায় রুশ গণমাধ্যম।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া ও মস্কো-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র উপ-প্রধান আলেক্সেইয়েভকে শুক্রবার মস্কোর একটি অ্যাপার্টমেন্টে গুলি করা হয়।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৮ সালে যুক্তরাজ্যে রুশ পলাতক সের্গেই স্ক্রিপালকে স্নায়ু বিষ প্রয়োগে হামলার পরিকল্পনা ও সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগে আলেক্সেইয়েভের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ ঘটনার পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন।
যুদ্ধ শুরুর পর একাধিক শীর্ষ রুশ সামরিক কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার করলেও, এ ঘটনা সম্পর্কে কিয়েভ এখনো কোনো মন্তব্য করেনি।